ইরান থেকে তেল আমদানি কমাবে না ভারত : প্রণব মুখার্জি
যুক্তরাষ্ট্র সফররত ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি বলেছেন, ইরানের তেল আমদানির ওপর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা সত্ত্বেও তার দেশ তেহরান থেকে তেল আমদানি হ্রাস করবে না। ভারতে পুঁজি বিনিয়োগ আকৃষ্ট করতে দু’দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে রোববার রাতে তিনি শিকাগোয় সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন। প্রণব মুখার্জি বলেন,”ইরান থেকে তেল আমদানি হ্রাস করা ভারতের পক্ষে সম্ভব নয়। কারণ, ভারতের ক্রমবিকাশমান অর্থনীতির জন্য যে সব দেশ প্রয়োজনীয় উপাদান সরবরাহ করছে, ইরান সে সব দেশের একটি।” ভারতের অর্থমন্ত্রী বলেন, “সৌদি আরব ও নাইজেরিয়াসহ পারস্য উপসাগরের আরো কিছু দেশ ভারতকে তেল সরবরাহ করলেও ইরানের কাছ থেকে নয়াদিল্লি সবচেয়ে বেশি তেল আমদানি করে।”
প্রণব মুখার্জি আরো বলেন, “আমরা (ভারত) প্রতি বছর ১১ কোটি টন অপরিশোধিত তেল আমদানি করি। আমরা ইরান থেকে আমদানি কমাতে পারবো না। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারতের কাছে ইরানের অপরিসীম গুরুত্ব রয়েছে।”
ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল আমদানিকারক দেশ। অন্যদিকে ইরানের তেল আমদানির ক্ষেত্রে চীনের পরই ভারতের অবস্থান। ইরানের মোট রপ্তানিকৃত তেলের শতকরা ১২ ভাগ ভারত আমদানি করে।













