নায়িকা সোনিয়া এখন লন্ডনী কন্যা
নব্বই দশকের ব্যস্ত চলচ্চিত্র নায়িকা সোনিয়া এখন ল
ন্ডনী কন্যা। তবে লন্ডনে তাকে সোনিয়া নামে কেউ চেনেন না। হাসি নামেই সবার কাছে তিনি পরিচিত। প্রায় সাত বছর আগে বিয়ে করে প্রবাসী স্বামীর হাত ধরে লন্ডনে পাড়ি দিয়েছিলেন সোনিয়া। এরপর থেকেই তিনি লন্ডনে বসবাস করছেন। তবে এতোদিন বৃটেনে অনেকটা অস্থায়ীভাবে বসবাস করলেও এখন সেখানে তার স্থায়ী হতে আর কোন বাধা নেই। কারণ বর্তমানে সোনিয়া লন্ডনের পাসপোর্টধারী। ফলে প্রবাসে সাধারণ জীবন-যাপনে এখন ভালোই আছেন সোনিয়া।
সোনিয়া তার ঘনিষ্ঠজনদের জানিয়েছেন, এখন বাংলাদেশে বসবাস কিংবা মিডিয়ায় কাজ করার তার বিন্দুমাত্র আগ্রহ নেই। কারণ তিনি এখন শুধু বৃটিশ নাগরিকই নন,একটি পুত্র সন্তানসহ তিন সন্তানের জননী। তাই স্বামী সংসার নিয়ে তার এখন সীমাহীন ব্যস্ততা।
সোনিয়া মোট ৫০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি নাটকেও অভিনয় করতেন। ১৯৯১ সালে ‘মাস্তান রাজা’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে সোনিয়ার চলচ্চিত্রাভিনয় শুরু। এরপর অভিনেতা রাজ্জাকের নির্দেশনায় বাপ্পারাজের বিপরীতে ‘প্রেম শক্তি’ ছবিতে প্রথম নায়িকা চরিত্রে কাজ করেন। ১৯৯২ সালে আফজাল হোসেন ও সাইদুল আনাম টুটুলের বিজ্ঞাপনে তিনি মডেল ছিলেন। সোনিয়া সর্বশেষ অভিনয় করেন দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শুভ বিবাহ’ ছবিতে। এরপর আর নতুন কোনো ছবিতে তাকে অভিনয় করতে দেখা যায়নি।














